কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা ক্যানেল পুনঃখননের আওতায় পড়া ব্যক্তিমালিকানাধীন জমির প্রায় চার শতাধিক কৃষক ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল দুপুরে উলিপুর উপজেলা সদরে মসজিদুল হুদার সামনে কুড়িগ্রাম-উলিপুর সড়কে ক্ষতিগ্রস্ত কৃষক এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাম মোহাম্মদ সরওয়ারদী, আবদুল হাই সরকার ও নূর ইসলাম শেখ।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পর ২০১৯ সালে বর্তমান সরকার জমি অধিগ্রহণ না করেই ক্যানেল পুনঃখনন করায় চার শতাধিক কৃষক পরিবার মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। শুধু তাই নয় বুড়ি তিস্তা পুনঃখননে অনেক পরিবার এখন নিঃস্ব।

বক্তারা অভিযোগ করে বলেন, মালিকানাধীন জমি খনন করার তিন বছর অতিবাহিত হলেও এখনো তা অধিগ্রহণ কিংবা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হয়নি।