ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২ পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

গতকাল সকালে যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইমাম হোসেন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেলযোগে স্বর্ণের বার ভারতে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ী গ্রামে অবস্থায় নেয় বিজিবি। পরে বিদ্যালয়ের সামনে থেকে ৩২ পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেনকে আটক করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, শুল্ক ফাঁকি দিয়ে আমদানীকৃত ৩২টি স্বর্ণের বারের ওজন ৩ কেজি ৭১৯ গ্রাম। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। এর আগেও ৫৮ বিজিবি কয়েকটি স্বর্ণের জব্দ করেছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।  চোরাকারবারীরা যেন মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু পাচার করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।