শীতের কারণে রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ ও কাল এবং সব প্রাথমিক বিদ্যালয় আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাত ১০টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর অঞ্চলের উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ও কাল রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এ দুদিন জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।’
জানতে চাইলে উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী জানান, রাত ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের বার্তা পেয়েছেন। তাতে আজ রাজশাহী জেলার তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। এটা পরের দিনও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই জরুরি ভিত্তিতে চিঠি দিয়ে এ ঘোষণা দেয়া হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো শুধু আজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক আবদুস সালাম জানান, তারা শুধু আজ রাজশাহী জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা দিয়েছেন। আজ যদি দেখেন তাপমাত্রা আগের দিনের মতোই ১০ ডিগ্রির নিচে, তাহলে আবার নতুন ঘোষণা দেয়া হবে।










