ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এ সময় চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও নিয়ে যায় ডিবি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ডিবিসি অফিসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল সোবহান চৌধুরীসহ দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন বণিক বার্তাকে বলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।










