ধামরাইয়ে পাওনা বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে জয়পুরা এলাকায় মহাসড়ক অবরোধ করেন উদীচী ক্রাফট প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা।

শ্রমিকরা জানান, দুই মাস ধরে তাদের বেতন নিয়ে টালবাহানা করছে মালিকপক্ষ। সর্বশেষ গত বুধবার বেতন দেয়ার কথা থাকলেও কোনো কিছু না বলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস ঝুলিয়ে দেয়া হয়েছে। পরে শ্রমিকরা সড়কে নেমে আসেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।