চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকার ধেররা সিএনজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড বেলাশ্বর এলাকার বাসিন্দা সোহাগ হোসেন (৩০), মনির
হোসেন (৩০) ও সুজন হোসেন (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনা থেকে ছয় বন্ধু দুটি
মোটরসাইকেলে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় কুমিল্লাগামী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ওই মোটরসাইকেলের তিন
আরোহী ছিটকে সড়কের ওপর পড়লে বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। তিনজনই ঘটনাস্থলে মারা যান। পরে দুর্ঘটনাস্থলের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেন।
এদিকে মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক ঘাতক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান বলে জানা গেছে। তবে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ জানান, বাসচালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।










