গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ রাখায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকাল ৮টা থেকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরে ২৭ মে কারখানা খুলে দেয়া এবং ২৯ মে তাদের সব পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, অর্থনৈতিক সংকটের অজুহাতে কারখানা কর্তৃপক্ষ ১০ দিন ছুটি দিয়েছিল। গতকাল কারখানায় কাজে যোগদানের কথা ছিল তাদের। সকালে কাজে যোগ দিতে এসে দেখেন গেটে তালা ঝুলছে। তাদের এপ্রিলের বেতন বকেয়া রয়েছে। একপর্যায়ে তারা বকেয়া বেতনের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ কারখানা খুলে দিলে শ্রমিকরা ভেতরে প্রবেশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। খবর পেয়ে কারখানা মালিক তাদের বকেয়া পরিশোধ এবং কারখানা খুলে দেয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা চলে যান।
এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, ‘এক হাজারের বেশি শ্রমিক বেতন না পেয়ে বিপাকে পড়েছেন। সামনে ঈদ আসছে। এ পরিস্থিতিতে বেতন না পেলে শ্রমিকদের সংসার চলবে কী করে? কারখানা কর্তৃপক্ষ অর্থনৈতিক সংকটের অজুহাতে ১০ দিন ছুটি দিয়েছে। কিন্তু আবারো ছুটি শ্রমিকরা মেনে নেবে না।’
আরেক শ্রমিক মো. আল আমিন বলেন, ‘মালিকপক্ষ বলছে, তাদের বিদ্যুৎ বিল পরিশোধের টাকা নেই। তাই লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ অফিস। কিন্তু টাকা ছাড়া শ্রমিকরা চলবে কীভাবে?’
এ ব্যাপারে কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. সুমন বলেন, ‘সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে কারখানা চালু হবে। আমরা মালিকপক্ষ নই, সাধারণ কর্মী। ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছেন।’
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর (শ্রীপুর জোন) আব্দুল লতিফ খান বলেন, ‘কারখানার শ্রমিকদের এপ্রিলের বেতন বকেয়া রেখে কর্তৃপক্ষ ছুটি বাড়িয়ে বন্ধের নোটিস দেয়। শ্রমিকরা সকালে নোটিস দেখে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ করেন। পরে কারখানা মালিক এসে তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। এছাড়া মঙ্গলবার কারখানা খুলে দেয়া এবং বৃহস্পতিবার তাদের পাওনা পরিশোধ করার কথা বলেছেন তিনি। এ আশ্বাস পেয়ে শ্রমিকরা চলে যান। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।’










