দেশের সাত জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় চারজন, রাজবাড়ীতে দুজন এবং ঢাকা, শরীয়তপুর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জে একজন করে নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে— 

কুমিল্লা: নোয়াখালী থেকে রাজধানীতে মাছ নিয়ে যাওয়ার সময় কুমিল্লায় ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বরে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন সাতক্ষীরার রফিকুল ইসলাম (২৩), ভোলার মনির হোসেন (২৮), হাবিবুর রহমান (৩২) ও আক্তার হোসেন (৩৫)। পুলিশ জানিয়েছে, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় চারজন নিহত হন। আহত হন আরো তিনজন। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রাজবাড়ী: সদর উপজেলায় মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দশম শ্রেণীর দুই ছাত্র নিহত হয়েছেন। গতকাল ভোরে কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তি নগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মণ্ডলের ছেলে সোহাগ (১৬ ) ও লালন শেখের ছেলে রাজন শেখ (১৭)। ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, তিনদিন আগে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিতে যান রাজন। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেন। সেই মোটরসাইকেল দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই এর দুই আরোহী নিহত হন। 

ঢাকা: রাজধানীর শাহবাগে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মার্কেটের সামনে সাভার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুর: জেলায় কাভার্ড ভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে এক নির্মাণ শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গতকাল ভোরে সদর উপজেলার শরীয়তপুর-চাঁদপুর সড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান শেখ (৪৫) উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা মাকসাহার এলাকার মৃত মনব শেখের ছেলে। তিনি নছিমনযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। দুর্ঘটনায় আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, লোকমান শেখ নির্মাণ শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। ভোরে তিনিসহ সাত শ্রমিক নছিমনে চড়ে হোগলা মাকসাহার থেকে মনোহর বাজারের দিকে যাচ্ছিলেন। আমিন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লোকমান সড়কে ছিটকে পড়েন এবং কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নছিমনটি ছিটকে সড়কের পাশে খালে পড়ে। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা কাভার্ড ভ্যান ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সাতক্ষীরা: জেলায় শ্যালো ইঞ্জিনচালিত মাহেন্দ্রর (থ্রি-হুইলার) সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সাতক্ষীরা-যশোর সড়কের ওয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর একই জেলার কলারোয়ার উপজেলার তুলসিডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর সকাল ৮টার দিকে কলারোয়া থেকে মাহেন্দ্রযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে ঝাউডাঙ্গার ওয়ারিয়ার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোস্তাফিজুর মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। 

চুয়াডাঙ্গা: জেলায় শখ করে চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে জীবন হোসেন (১৯) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সকালে আলমডাঙ্গা উপজেলার হারদি-ওসমানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন কুষ্টিয়ার মীরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, জীবন দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে আলমডাঙ্গার হারদি-ওসমানপুর সড়কে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মানিকগঞ্জ: জেলায় ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর স্কুলের পাশে ট্রাকচাপায় মাসুদুর রহমান (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বৈতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদুর রহমান মানিকগঞ্জ পৌরসভার উঁচুটিয়া এলাকার দিদার বক্সের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গতকাল তিনি মোটরাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর স্কুলের পাশে বৈতরা এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।