নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। 

আজ শুক্রবার সকালে হাটুভাঙ্গা রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম শিবপুরের খৈনকুড় এলাকার মৃত. মোগল মিয়ার ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে হাটুভাঙ্গা রেলক্রসিং পারাপারের সময় কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। ধারণা করা হচ্ছে, অসতর্কভাবে চলাচলের কারণে তিনি ট্রেনে কাটা পড়েছেন। তার সঙ্গে থাকা সেলফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় পাওয়া গেছে। রেলওয়ে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।