মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার কাছেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিরাপদ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি ছিলেন বিধায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। তিনি আছেন তাই মুক্তিযোদ্ধারা স্যালুট পাচ্ছেন, নিয়মিত ভাতা পাচ্ছেন। তিনি আছেন বিধায় হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য বিনা মূল্যে কেবিন থাকে। সরকারি যানবাহনে মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় চলতে পারেন। তার জন্যই মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে আইনি স্বীকৃতি দেয়া হয়েছে।

গতকাল পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী প্রমুখ।

এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তাদের প্রতিহত করতে হবে। তাদের অস্তিত্ব বিনাশ করে দিতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে কোনোভাবে বিকশিত হতে দেয়া হবে না। এ ব্যাপারে কঠোর অবস্থান নেয়া হবে।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের পাশে সরকার আছে, আমি আছি। বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ মানে মুক্তিযোদ্ধাদের ত্যাগের বাংলাদেশ।