তামাক ক্রয়ে ১০ শতাংশ আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও লালমনিরহাট উপকর কমিশনারের কার্যলয় ঘেরাও করেছে তামাকচাষী ও ব্যবসায়ী সমিতি। বুধবার বেলা ১১টায় লালমনিরহাট উপকর কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি শেষে লালমনিরহাট উপকর কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন তারা।
তাদের অন্য দাবিগুলো হলো সরকারিভাবে কৃষিঋণের ব্যবস্থা, তামাকচাষীদের ঋণের নামে বহুজাতিক সিগারেট কোম্পানি সুদের ব্যবসা বন্ধ এবং তামাক রফতানি বন্ধ না করা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন তামাকচাষী ও ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জামিল আক্তার। বক্তব্য দেন বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিক হোসেন প্রমুখ।










