পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সুনামগঞ্জে রেললাইনের পাশাপাশি বিমানবন্দর স্থাপন করা হবে। মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় আমেরিকা, ভারতসহ উন্নত বিভিন্ন দেশ হিমশিম খাচ্ছে। আমরা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। দেশের মানুষকে বাঁচাতে আমাদের নেত্রী সাহসের সঙ্গে কভিডে আক্রান্তদের চিকিৎসা দেয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পথ খোলা রেখেছেন। কভিডকে আমরা আক্রমণ করব। করোনাভাইরাসের টিকা ক্রয়ের জন্য ভারতের সঙ্গে চুক্তি করা ছিল, কিন্তু তারা দিতে পারছে না। আমাদের বন্ধুরাষ্ট্র চীন ও রাশিয়া থেকে সরকার ভ্যাকসিন কিনে আনছে।

গতকাল দুপুরে শহরের নবীনগর এলাকায় স্থাপিত খন্দকার আলখাছ অ্যান্ড আমিনা হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাতক থেকে সুনামগঞ্জে ২২ কিলোমিটার সড়কের দেকার হাওরের পান্ডারকাল এলাকায় জনবসতি কম। ব্যবসা-বাণিজ্যের দিক দিয়ে সুনামগঞ্জ ছাড়া আর বাণিজ্যিক কোনো বন্দর নেই। সবচেয়ে বড় বিষয় হলো, পরিবেশ নিয়ে সরকার খুব চিন্তিত। দেকার হাওর আমাদের বিশাল সম্পদ। টাঙ্গুয়ার হাওর সম্পদ। এগুলো আমরা ধ্বংস করতে চাই না। ঠিক তেমনি দেকার হাওরের জীববৈচিত্র্য, রূপরেখাকে ধ্বংস করতে এমন কোনো পরিকল্পনা আমাদের সরকার করবে না। আমি যেটা বলতে চাই, অবশ্যই সুনামগঞ্জে রেললাইন আসবে। এখানে বিমানবন্দরও বানাব। এখানে ছোট ছোট বিমান নামবে ২০-২২ জন যাত্রী নিয়ে। টাঙ্গুয়ার হাওর ঘুরবে। আবার চলে যাবে। এগুলো আমাদের হাতের মুঠোয়। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে এসব কাজ করা সম্ভব হবে।

আগামী বাজেট প্রসঙ্গে এমএ মান্নান বলেন, আগামী বাজেটে আমরা কভিড-১৯ ও ভ্যাকসিনকে অগ্রাধিকার দিচ্ছি। এরই মধ্যে আগামী ৩ জুনের বাজেটে দেখবেন বহু পরিমাণ বরাদ্দ বাড়ানো হয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে আগে থেকে অগ্রাধিকার দেয়া ছিল যেমন, কৃষি, দরিদ্র মানুষের ভাতা, আমরা আরো নতুন নতুন মানুষদের দেব। শিক্ষার হার বাড়াতে প্রাথমিক স্কুল আরো নির্মাণ করব। দেশের বিভিন্ন হাসপাতালে শয্যা, আইসিইউ, অক্সিজেন ঘাটতি যেন না থাকে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে বাজেট পাস করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আলখাছ অ্যান্ড আমিনা হাসপাতালের মালিক আলখাছ উদ্দিন খন্দকার, হাসপাতালের পরিচালক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিপুর রহমান রাজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।