মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্ত দিয়ে ৬০ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তাদেরকে গ্রহণ করে গাংনী থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, আজ দুপুরে বিএসএফ এর ডাকে পতাকা বৈঠকে যোগ দেয় বিজিবি। কাথুলী ও কাজিপুর সীমান্তে পৃথক দুটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আলোচনার পর ৬০ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল কাজের উদ্দেশ্যে। সেখানে পুলিশ তাদের আটক করে বাংলাদেশ ফেরত পাঠানোর লক্ষ্যে বিএসএফ এর কাছে প্রেরণ করে।

ভারত থেকে আসা ৬০ জনের নাম ঠিকানা যাচাই করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল।