আইনবহির্ভূত কাজ করে কেউ-ই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। বাহিনীর সদস্যদের আইনবহির্ভূত বা অপেশাদার কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব আরোপ করে নবাগত র‌্যাব মহাপরিচালকের পাঁচ দফা দিকনির্দেশনা ও কর্মপন্থা তুলে ধরা হয়।

র‌্যাব ডিজি বলেন, ‘র‍্যাবের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস সেটা আমরা আরো বৃদ্ধি করতে চাই। সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে প্রত্যেকটি ব্যাটালিয়নকে নির্দেশনা দেয়া হয়েছে। র‌্যাবের প্রতিটি সদস্যকে সব ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, চেইন অব কমান্ড অনুসরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। কোনো র‌্যাব সদস্য যদি আইনবহির্ভূত কাজ করেন বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ 

মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার সমুন্নত রাখতে চাই। র‌্যাবের কোনো সদস্য অবশ্যই মানবাধিকার লঙ্ঘনের মতো কাজে জড়াবে না।’