চাঁদপুরে স্থানীয় প্রশাসনের সহায়তায় অবশেষে মায়ের কোল ফিরে পেল বিক্রি হয়ে যাওয়া সেই নবজাতক। বৃহস্পতিবার রাতে নবজাতকটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. শরীফুল হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি মতলব উত্তর উপজেলার পালস-এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে সিজারের মাধ্যমে একটি ছেলেসন্তান জন্ম দেন ছেংগারচর পৌরসভার বারোআনি গ্রামের বাসিন্দা তামান্না বেগম। পরে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার প্রবাসীর স্ত্রী সিমলা আক্তারের কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে নিজ সন্তানকে বিক্রি করে দেন। এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে মায়ের কোলে নবজাতককে ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয় প্রশাসন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মো. শরিফুল হাসান বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা নবজাতকটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে বিভিন্ন জায়গায় খোঁজ নিই। পরে জানতে পারি, ষাটনল এলাকার প্রবাসীর স্ত্রী সিমলা আক্তার নবজাতকটিকে লালন-পালন করার জন্য নিয়েছেন। নবজাতকের মা ও তার নানী আমাদের কাছে স্বীকার করেছেন, তারা হতদরিদ্র হওয়ায় স্বেচ্ছায় নবজাতকটিকে ওই নারীর কাছে দিয়েছিলেন।

নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। তাছাড়া আমার ব্যক্তিগত তহবিল থেকে ওই মায়ের হাতে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

সন্তান নিজের কাছে ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন মা তামান্না বেগম। তিনি বলেন, আমরা গরীব বলে হাসপাতালে চিকিৎসার খরচ বহন করতে পারিনি। তাই বাধ্য হয়ে নিজের সন্তানকে বিক্রি করে হাসপাতালে বিল ও ওষুধের খরচ দিয়েছি। কিন্তু একটি মুহূর্তের জন্য আমার বাবুকে মন থেকে ভুলতে পারছিলাম না। অবশেষে আমার সন্তান ফিরে পেয়ে আমি অত্যন্ত খুশি। আমি প্রশাসন ও ওই পরিবারের সদস্যদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।