জাতীয় শিল্পকলা একাডেমিতে গতকাল আয়োজিত এক আবৃত্তি উৎসবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল। আজকের এ দিনটি (জুলাই গণ-অভ্যুত্থান দিবস) আমাদের দেয়ার জন্য অনেকে চব্বিশ সালে হাত-পা হারিয়েছিলেন, কেউ হারিয়েছেন চোখ কিংবা কেউ আবার গুলি শরীরে বয়ে বেড়াচ্ছেন—সেসব যোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাতশর অধিক মানুষ যারা নিখোঁজ ছিলেন এবং গুমের শিকার হয়েছিলেন, যাদের স্বজনরা এখনো তাহাজ্জুতের নামাজ পড়ে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকেন তাদেরও।’
আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শিল্প-সংস্কৃতিতে আবৃত্তির কোনো মূল্যায়ন নেই। এটি স্বীকৃত নয়। সুযোগ এল প্রথম সংসদে আইন সংশোধন করার। সে আইনে আবৃত্তিকেও বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম একটি অংশ হিসেবে আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম। এর জন্য জাতীয় সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানাই।’
তিনি আরো বলেন, ‘মানুষের মাঝে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে এ উদ্যোগের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার কবিতার সংযোগ ঘটানোর জন্য বিশেষভাবে সাধুবাদ জানাই।’










