পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে ‘জিরো লিকুইড ডিসচার্জ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা শিল্প কারখানায় জিরো লিকুইড ডিসচার্জ পদ্ধতি চালু করার মাধ্যমে কারখানার পরিবেশগত কমপ্লায়েন্স রক্ষা ছাড়াও ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো এবং পানি ব্যবহারে আর্থিক সাশ্রয়ের প্রতি জোর দেন।
আজ মঙ্গলবার সকালে অধিপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামল কর্মকার। তিনি আলোচনা সভায় অংশ নেয়া অংশীজনদের ‘জিরো লিকুইড ডিসচার্জ’ পদ্ধতি সম্পর্কে খাতা-কমলে বিভিন্ন তথ্য উপস্থাপন ও প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে পরিবেশ অধিদপ্তরের (চট্টগ্রাম মহানগর) পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, সরকার শিল্প কারখানায় ‘জিরো লিকুইড ডিসচার্জ’ পদ্ধতি সংযুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছে। ইটিপি বাস্তবায়ন করলেও সার্বক্ষণিক চালু রাখার মাধ্যমে পানির ব্যবহার কমাতে নতুন এই পদ্ধতি বাস্তবায়নে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের মফিদুল আলম। তিনি বলেন, সরকার দেশের ভূ-গর্ভস্থ পানির স্তর কমে যাওয়া রোধ করতে নানামুখী কর্মসূচি নিয়েছে। শিল্প কারখানায় প্রচুর পানির ব্যবহার হওয়ায় এই খাতে ‘জিরো লিকুইড ডিসচার্জ’ পদ্ধতি বাস্তবায়ন করা হলে পরিবেশ রক্ষার পাশাপাশি পণ্য উৎপাদন খরচ কমে যাওয়া ছাড়াও পানির ব্যবহার কমিয়ে আনা সম্ভব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসা’র নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল আহসান চৌধুরী, কর্ণফুলী রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (কেইপিজেডড) এনভায়রনমেন্ট কাউন্সিলর আবদুল কাদের তালুকদার, চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) এনভায়রনমেন্ট কাউন্সিলর মো. আরিফুর রহমান, কোরিয়ান ইপিজেডের লিগ্যাল হেড মোজাম্মেল হক। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পিএইচপি গ্রুপ, ওয়েল গ্রুপ, এফএইচ ডাইং, ইউনাইটেড ওয়াশিং, ইয়ংওয়ান গ্রুপ, প্যাসিফিক জিনস, ইউলিভার বাংলাদেশ, কেন্টপার্ক গার্মেন্টস, এস আলম গ্রুপ, প্রিমিয়ার সিমেন্ট, ক্লিফটন গ্রুপ, ইউনেস্কো গ্রুপ, আজিম গ্রুপ, কেডিএস গ্রুপ, রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড-সহ বিভিন্ন শিল্প গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










