মানিকগঞ্জে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার বেপারী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনোয়ার বেপারী ফরিদপুর কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার বেপারীর ছেলে। তিনি বেলুন বিক্রি করতেন। আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে। তাকে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি হাবিল হোসেন জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










