পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন বেগম (৬৫) নামের এক বৃদ্ধা ও তার ছেলে সাইদুল হাওলাদার (৪০)। গতকাল সকালে উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আহত বেগম জানান, তাদের পূর্বপুরুষ থেকে প্রাপ্ত জমি দীর্ঘদিন একই বংশের রহিম উদ্দিন হাওলাদারের ছেলে রফিক ও তার ভাই ফজেল জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় রফিকের নেতৃত্বে তার ছেলে জাকির, ফজলের দুই ছেলে সুমন ও সোহাগসহ প্রায় ২০-২৫ জনের একটি দল গতকাল সকালে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালান। বাধা দিতে গেলে তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
মঠবাড়িয়া থানার ওসি মু. নূরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










