পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর পূর্ণ হচ্ছে আজ। ২০২২ সালের ২৫ জুন দেশের দীর্ঘতম বহুমুখী এ সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। যানবাহন চলাচল শুরু হয় উদ্বোধনের পরদিন থেকে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনিরীক্ষিত হিসাবের তথ্য বলছে, ২০২২ সালের ২৬ জুন থেকে চলতি বছরের ২৩ জুন পর্যন্ত সেতু পারাপার হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ২০৯টি যানবাহন। এ সময়ে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪১ কোটি টাকা।
পদ্মা সেতুতে কোন ধরনের যানবাহন কী পরিমাণ চলাচল করছে, তার একটা ধারণা পাওয়া যায় সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের গত এপ্রিলের মাসিক টোল আদায় প্রতিবেদনে। প্রতিবেদনটিতে উঠে এসেছে, এপ্রিলে পদ্মা সেতু পারাপার হয়েছে ৭ লাখ ১ হাজার ৮৯০টি যানবাহন। একক যানবাহন হিসেবে এ সময়ে সবচেয়ে বেশি পারাপার হয়েছে মাঝারি বাস (৩২ বা তার বেশি আসনবিশিষ্ট)। বছরের এ চতুর্থ মাসে সব মিলিয়ে ১ লাখ ৭৭ হাজার ৫৭৭টি মাঝারি বাস পদ্মা সেতু পারাপার হয়েছে। প্রতিটি মাঝারি বাস থেকে ২ হাজার টাকা টোল আদায় করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এপ্রিলে মাঝারি বাস থেকে সব মিলিয়ে ৩৫ কোটি ৫১ লাখ টাকা টোল আদায় হয়েছে।
একই মাসে কার ও জিপ জাতীয় যানবাহন পারাপার হয়েছে ১ লাখ ৬৮ হাজার ২৮৯টি। মোটরসাইকেল পারাপার হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬৯০টি। অন্যান্য যানবাহনের মধ্যে ৬৭ হাজার ৬০৪টি মাইক্রোবাস, ৪৭ হাজার ৭৯১টি পিকআপ, ৪৫ হাজার ৯২০টি ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত), ৩১ হাজার ৩১০টি মাঝারি ট্রাক (আট টন পর্যন্ত), ১১ হাজার ২৮৯টি ভারী ট্রাক (১১ টন পর্যন্ত) চলাচল করেছে। সব মিলিয়ে গত এপ্রিলে পদ্মা সেতু থেকে ৮৩ কোটি ৪৭ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে।
পদ্মা সেতু পারাপারের জন্য মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কার ও জিপের টোল ৭৫০ টাকা। পিকআপের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। মাইক্রোবাসের টোল ১ হাজার ৩০০ টাকা। বাসের জন্য আসনের ভিত্তিতে তিন ধরনের টোল নির্ধারণ করা হয়েছে। ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল দিতে হবে। পণ্যবাহী যানবাহনের ওজন ও এক্সেলের ভিত্তিতে ছয়টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। পাঁচ টনের ছোট ট্রাকের টোল নির্ধারণ করা ১ হাজার ৬০০ টাকা। আট টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ১০০ টাকা, ১১ টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ৮০০ টাকা আর তিন এক্সেলের ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা। চার এক্সেলের ট্রেইলারের টোল ৬ হাজার টাকা। চার এক্সেলের বেশি হলে ট্রেইলারে ৬ হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলে অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা টোল দিতে হবে।










