যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানির জন্য দুটি অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দরকষাকষির কার্যক্রম শুরুর নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশন অনুমোদিত দুটি প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব নেয়া হবে। প্রতিষ্ঠান দুটি হলো অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল এবং লুই ড্রেফাস কোম্পানি। দরপ্রস্তাব পাওয়ার পর সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দরকষাকষির কার্যক্রম শুরু করা হবে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সঙ্গে পাঁচ বছর মেয়াদি সরকার-টু-সরকার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হচ্ছে। পরে লুই ড্রেফাস কোম্পানিকেও অনুমোদন দেয়া হয়। এতে অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা একটি থেকে বেড়ে দুটি হয়েছে।এ প্রেক্ষাপটে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতার সঙ্গে দরকষাকষির উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবটির অর্থায়ন করা হবে সরকারের নিজস্ব অর্থে।