পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি ড. ফাতমা মেরিচ ইয়িলমাজ। আজ সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক, মানবিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের অব্যাহত সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি তুরস্কের আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম জোরদারসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।
রোহিঙ্গা ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা দেশের জন্য একটি বড় মানবিক, সামাজিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ। তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।
অন্যদিকে তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি বাংলাদেশের মানবিক অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে উদার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো জানান, তুর্কি রেড ক্রিসেন্ট রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
বৈঠক শেষে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তুর্কি রেড ক্রিসেন্ট প্রতিনিধি দলকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত মানবিক সহায়তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।










