বাগেরহাটের রামপালে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় মো. হানিফা শেখ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হানিফা শেখ রামপাল উপজেলার উজলকুড় গ্রামের মো. শরিফুল শেখের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাটাখালির দিক থেকে আসা মোংলাগামী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক পেছন দিক থেকে বেপরোয়া গতিতে বাইসাইকেল আরোহী মো. হানিফা শেখকে (২২) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, কাটাখালীর দিক থেকে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক পেছন দিক থেকে সাইকেল আরোহী হানিফা শেখকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।