দেশের আকাশে গতকাল সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার ঘোষণা অনুযায়ী দেশে আজ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।
গতকাল মসজিদগুলোতে এশার নামাজের পর শুরু হয় তারাবিহর জামাত। তারাবিহ আদায় করে রোজার প্রস্তুতিপর্ব শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভোররাতে সাহরি খেয়ে প্রথম রোজার নিয়ত করেন তারা। আজ থেকে মাসজুড়ে দিনে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, দান-খয়রাতের মাধ্যমে পুণ্য হাসিলে নিবেদিত থাকবেন মুসলিমরা। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়।
এর আগে মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে গতকাল রোজা শুরু হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। বিশ্বের বেশকিছু দেশের পাশাপাশি বাংলাদেশেও কিছু মুসলিম সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল রোজা পালন করেছেন।










