বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা। বৈঠকে কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিল থেকে পশু আনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ রোববার (৭ এপ্রিল) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কোরবানি সামনে রেখে তাদের অনুরোধ করেছি, যদি সস্তা হয়, তাহলে কোরবানির সময় গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা, আমরা সম্ভাব্যতাগুলো দেখব। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এ যৌথ আলোচনা সামনের দিকে এগিয়ে যাবে।
এছাড়া তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কজনিত সুবিধা দিতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
পরে বিকেলে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সফরে আসা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানিয়েছেন, এই প্রথম ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। আমাদের মধ্যে খুব সফল আলোচনা হয়েছে। ব্রাজিল থেকে আমদানিকৃত তুলা দিয়ে তৈরি পোশাক ব্রাজিলে রফতানির ক্ষেত্রে কর মওকুফ ও অন্য পোশাক রফতানিতে কর হ্রাসের অনুরোধ জানিয়েছেন তিনি।
পাশাপাশি দক্ষিণ এশিয়ার গেটওয়ে বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোনে চামড়াজাত পণ্য উৎপাদনসহ নানামুখী বিনিয়োগে এবং আইটি পার্কগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্রাজিলিয়ানদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
হাছান মাহমুদ জানান, বৈঠকে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর এমনকি পশ্চিমা এইড ওয়ার্কারদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতি প্রস্তাবকে ইসরাইলের তোয়াক্কা না করার সংকট নিয়েও কথা হয়েছে তাদের।
ব্রাজিলের প্রেসিডেন্টের আমন্ত্রণে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একযোগে কাজ, এন্টার্কটিকা কাউন্সিলে বাংলাদেশের বিজ্ঞানীদের গবেষণার সুযোগ এবং বাংলাদেশকে ব্রিকসে অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশটির সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা তার বক্তব্যে আগামীতে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরো বিস্তৃতির আশার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, আগামীকাল সোমবার সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই আয়োজিত ইফতার ও নৈশভোজে যোগদান শেষে রাতে পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরার ঢাকা ত্যাগের কথা রয়েছে।










