নাশকতার আশঙ্কায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি লোকাল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর)  সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘোষণা দেয়া হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী-পার্বতীপুরের মধ্যে চলাচলকারী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকবে।’

এর আগে বৃহস্পতিবার সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী আরেকটি লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়। চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী আরেকটি লোকাল ট্রেন ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রেলওয়ে সূত্রে জানা গেছে, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে নাটোর ও আবদুলপুর জংশন হয়ে রাজশাহীতে আসে। দুপুর পৌনে ১২টায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়। গতকাল বৃহস্পতিবার একইভাবে ট্রেনটি পৌনে ১২টায় রাজশাহী থেকে ছেড়ে গেছে। সকালে রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের উদ্দেশে ট্রেনটির চলাচল সম্পর্কে এই ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জামালগঞ্জ রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছার আগে চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দেয়া হয়। এ সময় ট্রেনের ওই বগির কয়েকটি আসন পুড়ে যায়। জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছার পর ফায়ার সার্ভিস ও রেলস্টেশনের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।