আওয়ামী লীগের নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান। সোমবার (১৯ মে) সকাল ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি-না এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, এ প্রশ্নের উত্তর দেয়ার সময় এখনো আসেনি। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেয়ার সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।










