ঝালকাঠির নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায় ফাহিম নামের এক ইলেকট্রিশিয়ানের বসতঘর আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাত ১১টার দিকে ফাহিমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমের ঘরের পাশেই ছিল একটি ভিমরুলের বাসা। শুক্রবার রাত ১১টায় ফাহিমের মা ভিমরুলের বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ সময় অসাবধানতাবশত সেই আগুন  রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, রান্নাঘর থেকে আগুন দ্রুত অন্যান্য জায়গায়  ছড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও আগুনে ফাহিমের ঘরের বেশকিছু মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ মাসুদ  বলেন, খবর পেয়ে আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনি।