সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ সব শ্রেণী-পেশার মানুষের সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত দেড় দশকে যে জুলুম হয়েছে এবং আমি বনাম ডামি ইলেকশন হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। কবর থেকে এসেও ভোট দিয়ে গেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়—সেই সময় কোনো জেনারেলকে পদত্যাগ করতে দেখিনি, কোনো সচিব, কোনো ডিসিকেও পদত্যাগ করতে দেখিনি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে ৫ আগস্ট ছাত্র ও নাগরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আওয়ামীবিরোধী অবস্থান নিয়েছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সহাবস্থান থাকবে। কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের শত্রু বলে গণ্য করা হবে।
অনুষ্ঠানে মনিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনসিপির (দক্ষিণাঞ্চল) যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চল সংগঠক ডাক্তার আশরাফুল ইসলাম সুমন, জিহান মাহমুদ, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমান প্রমুখ। এ সময় এনসিপি, বিএনপি, জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতারা ও নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










