পিরোজপুরের মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষার দুটি কেন্দ্রে নকলে সহযোগিতা ও নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্রের বৃত্ত ভরাট করে দেয়ার অভিযোগে আজ মঙ্গলবার এক সুপারসহ পাঁচ পরিদর্শককে বহিষ্কারসহ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কারসহ অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে উপজেলার বাদুরা শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদ্রাসা কেন্দ্র কমিটির সদস্যসহ তিনজন ও পৌর এলাকার টিকিকাটা আব্দুল ওয়াহাব মহিলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের দুই জন রয়েছেন।
বহিষ্কারসহ অব্যাহতিপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেন- শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদ্রাসার পরীক্ষা কমিটির সদস্য ও স্থানীয় নূরল-আলা-নূর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রুহুল আমীন, দাউদখালী কামিল মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান, তুষখালী এনএস দাখিল মাদ্রাসার শিক্ষক সুনির্মল , ছোট শিংগা নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আবদুল কাইউম ও জানখালী উলুবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শামিম আহসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, অভিযুক্ত কক্ষ পরিদর্শকদের বহিষ্কারসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্র সচিবদের সতর্ক করা হয়েছে।










