কুড়িগ্রামের ফুলবাড়ীতে মজিদুল ইসলাম (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানান তার পরিবার ও প্রতিবেশীরা।
তারা বলেন, নিহত মজিদুল প্রায়ই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। তিনি প্রায়ই কোনো কারণ ছাড়া বাড়ির জিনিসপত্র ভাংচুর ও পরিবারের ওপর অত্যাচার করতেন।
মৃত যুবকের মা মন্জু বেওয়া জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেকে দুপুরে বাড়িতে রেখে ছাগলের ঘাস সংগ্রহ করতে যান তিনি। এরপর বিকালে বাড়িতে ফিরে ঘরে ঢুকে ছেলের মরদেহ আঁড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেন। চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে প্রতিবেশিরা ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।










