নোয়াখালীর কবিরহাটে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে বসুরহাট-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে তিনজন, হবিগঞ্জে তিনজন, টাঙ্গাইলে দুজন ও ঝিনাইদহে একজন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নোয়াখালী: গতকাল দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের উদ্দেশে মাইজদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা ছেড়ে যায়। কবিরহাট পৌর এলাকার ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন যাত্রী ও কবিরহাট হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে নিয়ে গেলে আরো এক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তিনিও মারা যান। নিহতরা হলেন অটোরিকশাচালক শাহ আলম, নোয়াখালী কলেজের শিক্ষার্থী তানিম হাসান, ইসরাত জাহান, অটোরিকশার যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, গাড়ি দুটি থানায় আনা হয়েছে। ঘটনার পর পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাট: জেলার রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা বিএনপির সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

হবিগঞ্জ: শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। গতকাল দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের প‌রিচয় পাওয়া গেছে। তারা হলেন রাজু মিয়া (৩৫) ও মো. হা‌মিদ (৬০)। রাজু হ‌বিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চড় গ্রামের বাসিন্দা এবং এনা প‌রিবহনের স্টাফ। হামিদের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার শাহীবাগ এলাকায়।

টাঙ্গাইল: মির্জাপুরে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার দেওহাটা আন্ডারপাসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রশিদ দেওহাটা গ্রামের আব্দুল হামিদ (৬০) ও রানাশাল গ্রামের অটোরিকশাচালক রহিজ সিকদার (৪৬)। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ: জেলার মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।