পঞ্চগড়ের রাজনগর বাজারে অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে মধ্যবাজারের শুঁটকির দোকান থেকে অগ্নিকাণ্ডের শুরু হয় বলে স্থানীয়দের ধারণা। এরপর আগুন দ্রুত পাশের মুরগিহাট, পানহাট ও মুড়িহাটে ছড়িয়ে পড়ে।

ফায়ার সর্ভিস ও স্থানীয়রা জানায়, মধ্য রাতে আগুনের খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সব ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে চারটি পট্টির অন্তত ৭০টি দোকানসহ মালপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস তাত্ক্ষণিক ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তবে স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে ৭০টি দোকান পুড়ে যাওয়ায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

পঞ্চগড় বাজারের মুরগি ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, আগুনে আমাদের প্রায় ২৪টি মুরগির দোকান পুড়ে যায়। প্রতিটি দোকানেই কমবেশি মুরগি ছিল। আগুনে আমাদের দোকান ঘরের সঙ্গে ব্যবসায়িক পুঁজিও শেষ হয়ে গিয়েছে। মুরগি ব্যবসা স্বাভাবিক রাখতে আমরা সরকারের আর্থিক সহযোগিতা চাই।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের সব ইউনিট কাজ করেছেন। কোন দোকান থেকে এবং কীভাবে আগুনের শুরু হয়, প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা প্রাথমিকভাবে ৬৫ দোকান পুড়ে যাওয়ার তালিকা করেছি।