মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক ব্যক্তি মারা গেছেন। দগ্ধ সাহাদুল ইসলাম (৫০) আজ শনিবার (২০ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সাহাদুল কল্যাণপুর গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

গত ১৭ জানুয়ারি রাত ৯টার দিকে শীত নিবারণের জন্য বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন সাহাদুলসহ প্রতিবেশী কয়েকজন। হঠাৎ পোশাকে আগুন লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী। তিনি বলেন, সাহাদুলের শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়ায় ঢাকায় নেওয়া হয়েছিল। মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।