নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ভবের বাজার এলাকায় যাত্রীবাহী মিনি ট্রাক ও মাছবাহী পিকআপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২২ জন।
আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে এই সড়ক দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এনামুল হক।
এ দুর্ঘটনায় নিহত ব্যক্তি নেত্রকোনার মোহনগঞ্জের পাবই গ্রামের হিমেল মিয়া (৩০)।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এনামুল হক জানান, আত্মীয় মারা গেছে খবর পেয়ে ঢাকা থেকে ৩২ জন যাত্রীবোঝাই করে মিনি ট্রাক নিয়ে মোহনগঞ্জের পাবই এলাকায় যাচ্ছিলেন তারা। পথে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ভবের বাজার এলাকায় পৌছলে মোহনগঞ্জ থেকে ছেড়ে যাওয়া মাছবোঝাই পিকআপটি বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিমেল মিয়া গুরুতর আহত হয়ে মারা যান এবং ২২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।










