চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার পাথিলা গ্রামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। অবৈধ স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার আগেই এ উদ্ধার করলেও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। এসব স্বর্ণের বাজার মূল্য ৪ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।
মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুরর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবননগর উপজেলার পাথিলা গ্রাম দিয়ে ভারতে স্বর্ণপাচার হবে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে ব্যাটালিয়নের একটি বিশেষ দল পাতিলা গ্রামের ঈদগাঁহ এলাকায় ওৎ পেতে থাকে। এসময় এক ব্যক্তি মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার সময় গতিরোধ করে বিজিবির সদস্যরা। মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে বিজিবি। এসময় মোটরসাইকেল চালকের কোমরে জোরে টান দিলে কাপড়ের তৈরি সাদা বেল্ট খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। ওই ব্যক্তি বেল্টটি রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিজিবি টহল দল বেল্টের মধ্যে থেকে ৫ কেজি ৪৭৮ দশমিক ৯৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়।
মহেশপুরর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, জব্দ করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা। পলাতক ব্যক্তিকে আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা সোনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।










