রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব আবাসিক হল অনানুষ্ঠানিকভাবে খোলা থাকলেও শিক্ষার্থীদের আপাতত নিজ দায়িত্বে থাকতে হবে। কোনো অছাত্র আর হলে থাকতে পারবেন না। এছাড়া হলগুলোয় মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিকালে এসব তথ্য জানিয়েছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান খোলা থাকবে, সেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়েরও সবকিছু খোলা থাকবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে আমাদের হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। তাই সিন্ডিকেট সভার মাধ্যমেই অফিশিয়ালি হল খোলার ঘোষণা দেয়া হবে। এর আগে শিক্ষার্থীরা চাইলে হলে থাকতে পারবে। তবে এ সময় শিক্ষার্থীদের নিজ দায়িত্বে থাকতে হবে।’
অধ্যাপক মাহবুব আরো বলেন, ‘সব ক্ষেত্রে বৈষম্যহীনতা বাস্তবায়নের জন্য এখন হল গেটেই আবাসিকতার কার্ড চেক করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেয়া হবে। কোনো অনাবাসিক শিক্ষার্থীকে হলে থাকতে দেয়া হবে না। আগামী ৮ আগস্ট হল প্রাধ্যক্ষ পরিষদের একটা সভা রয়েছে। সেখানে আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘হলগুলোয় মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হবে।’










