ঝালকাঠিতে দোষী সাব্যস্ত না হওয়ায় বন বিভাগের মামলা থেকে খালাস পেয়েছেন বরিশাল সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী মো. আবুল হোসেন (৬০)। গতকাল ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক এএইচ ইমরানুল রহমান এ আদেশ দেন। মামলার আসামি পক্ষের আইনজীবী ফয়সাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জানুয়ারিতে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি অংশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাস্কর্য নির্মাণ করার জন্য কিছু গাছ বিক্রি করা হয়। বরিশাল সওজ বিভাগ এ গাছ বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেয়। পাশাপাশি এ গাছ যারা দেখাশোনা করতেন তাদেরকেও নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করে দেয়া হয়। কিন্তু ঝালকাঠি জেলা সহকারী বন কর্মকর্তা জিয়াউল ইসলাম বাকলাই বন বিভাগের গাছ কাটার অভিযোগ এনে ২০১৮ সালের ২৫ জানুয়ারি মো. আবুল হোসেনের নামে ঝালকাঠির আদালতে একটি মামলা করেন। এ মামলায় মো. আবুল হোসেনের পরিচয় গোপন রাখা হয়।
বরিশাল সওজ বিভাগের কার্য সহকারী মো. আবুল হোসেন বলেন, ঝালকাঠি জেলা সহকারী বন কর্মকর্তা জিয়াউল ইসলাম বাকলাই গাছ কাটার মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ মামলায় আদালত থেকে খালাস পেয়েছি। আমার
বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করে আমাকে হয়রানি করা হয়েছে। আমি এ ব্যাপারে আদালতে মামলা করব।










