আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ‘জুলাই-আগস্ট বিপ্লবসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত সকল হত্যা-নির্যাতনের বিচার অবশ্যই করবে’ বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে হোটেল লেক শোরে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে গুম ও নিহতদের পরিবারের সদস্যদের সন্মানে দেয়া এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, এ দেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে সেটি হলো যে মানুষগুলো এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা তাদের ওপরে যে অন্যায় করা হয়েছে আগামী দিনে জনগণের নির্বাচিত সরকারে যাবেন তাদেরকে অবশ্যই এই যে অন্যায় হয়েছে, সে অন্যায়ের বিচারগুলো করতে হবে।’
তারেক রহমান বলেন, ‘যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে এ বিচার হতে হবে। কারণ আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক, সুষ্ঠু বিচার যদি না হয় হয়তো বা দেশে আবারো অন্যায় সংঘটিত হতে পারে।’















