চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং গুম, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে জেলা ঐক্য ন্যাপ। গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা। জেলা ঐক্য ন্যাপ নেতা কালীপদ দাসের সভাপতিত্বে মানববন্ধনে নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিল।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দেশব্যাপী ধর্ষণ, নির্যাতন, খুন, গুমসহ সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নিবারণ রায়, সদর উপজেলা সভাপতি সুপদ সাহা, শহর শাখার সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মিয়া, ঐক্য ন্যাপ নেতা চিত্তরঞ্জন সাহা, শহীদুল্লাহ খন্দকার, খগেন্দ্র রায়, শিক্ষক নেতা সুভাষ দত্ত, ফজলুল হক, আশুতোষ দাস, হূদয় দাস প্রমুখ।