আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবস। প্রতি বছরের এই দিনে জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে গোটা জাতি। সেই ধারাবাহিকতায় আজ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এখন পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
আজ প্রথম প্রহরে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সৌধ প্রাঙ্গণ। জাতির গৌরবের এই দিনে নামবে লাখো মানুষের ঢল। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি।
দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তিন বাহিনীর কুচকাওয়াজের প্রস্তুতিও শেষ। ১০৮ একর জায়গাজুড়ে অবস্থিত পুরো স্মৃতিসৌধ এলাকা রঙতুলির আঁচড়ে সেজেছে ভিন্ন সাজে। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিঁড়িসহ নানা স্থাপনায় পড়েছে রঙতুলির আঁচড়। ধুয়ে-মুছে চকচকে করা হয়েছে সৌধচূড়া থেকে হেঁটে যাওয়ার পথসহ স্মৃতিসৌধ চত্বরের প্রতিটি স্থাপনা।
প্রায় এক মাস ধরে এ প্রস্তুতি উপলক্ষে নিরলসভাবে কাজ করেছেন গণপূর্তের দেড় শতাধিক কর্মী। তাদের নিরলস পরিশ্রমে নতুন রূপ পেয়েছে সৌধ এলাকাটি। স্মৃতিসৌধ এলাকার প্রস্তুতি সম্পর্কে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে প্রায় এক মাস ধরে আমাদের ১৫০ জনবল এবং দুটি প্রেশার মেশিন দিয়ে কাজ করে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করেছি। পাশাপাশি নিরাপত্তা রক্ষায় সিসিটিভি স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণও শেষ হয়েছে।’
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘আগামীকাল (আজ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। সেই সঙ্গে দেশের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মানুষও আসবেন। সেই লক্ষ্যে গণপূর্ত বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় সব সংস্কারকাজ সম্পূর্ণ করে পুরো স্মৃতিসৌধকে সাজিয়ে তোলা হয়েছে। এরই মধ্যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুরো সাভার উপজেলা, বিশেষ করে স্মৃতিসৌধ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে কাজ করছে। বলা যায়, পুরো জাতি যেভাবে প্রস্তুত, স্মৃতিসৌধও সেভাবে প্রস্তুত রয়েছে।’
এ ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার খাতিরে বহিরাগতদের ভেতরে ঢোকা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় কারা কারা অবস্থান করছেন সেটা প্রযুক্তির মাধ্যমে চিহ্নিতের ব্যবস্থা করা হয়েছে।’










