বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হকের বাড়ির সামনে থেকে অজগর সাপটি উদ্ধার করেন বন বিভাগ ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়। এ নিয়ে গত এক বছরের লোকালয় থেকে ৩৬টি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হলো।
ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, রায়েন্দা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হকের বাড়ির সামনে খেজুর গাছের পাশে অজগরটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় একজন সচেতন নাগরিক আমাকে ফোন দিলে আমাদের টিম নিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসি। আমরা বিভিন্ন গ্রাম থেকে গত এক বছরে ৩৬টি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।
শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা একটি বাগান থেকে অজগরটিকে উদ্ধার করেন। পরে আমরা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছি। আট ফুট লম্বা অজগরটির ওজন হবে আনুমানিক ১২ কেজি।










