ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাত ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে পদ্মার উভয়পাড়ে দুই শতাধিক যানবাহন আটকে পড়ে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘসময় ফেরি বন্ধ থাকায় আটকে পড়ে শতাধিক পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে দুই শতাধিক যানবাহন। শীতের মাঝে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েন দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ২টা দিকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এরপর দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

আরো জানান, এ সময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় পাঁচটি ফেরি। এছাড়া ছোট-বড় মিলে আরো নয়টি ফেরিকে উভয় ঘাটে বসিয়ে রাখা হয়।

সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওই কর্মকর্তা।