নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) সংসদীয় আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল বিকালে রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন উপনির্বাচনে সাজ্জাদুলকে নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
এর আগে গত ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান তার মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন যাচাইয়ে তার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে ঘোষণা করা হয়। তাতেই নিশ্চিত হয়ে যায়, সাজ্জাদুলই হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি।
গত ১১ জুলাই রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হয় আসনটি। ১৫ জুলাই নির্বাচন কমিশন নেত্রকোনা-৪ আসন শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে।









