জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি। আমরা জানি বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বাস করে যুগ যুগ ধরে। ৭১ সালে দেশ স্বাধীন হবার পর ৭২ সালে করা সংবিধানে সকল জাতিগোষ্ঠী, সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই। সবাইকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই। ফলে মুজিববাদী সংবিধান গোড়া থেকেই একটা ফ্যাসিস্ট সংবিধান ছিল। যেটা সমাজ ও রাষ্ট্রে সব সময় বিভাজন তৈরি করে রাখত। বছরের পর বছর নানা নামে বিভাজন করে রেখেছে। কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো কখনো ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা।
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) রাতে বান্দরবানে মুক্ত মঞ্চের সামনে দলটির জেলা সমন্বয়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এসব কানুন দূর হয়েছে। সবাই আমরা আজ ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা চাই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং এ পাহাড়ে যে সমস্যা, যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল, আমরা মনে করি তা ইচ্ছাকৃত, তা পরিকল্পিতভাবে এই সমস্যার সমাধান করা হয়নি বছরের পর বছর ধরে। কারণ এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে অন্যেরা। আজকে সময় এসেছে, আমরা নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে আমরা বিভাজন ঘুচাব। নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করব।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা একটা নতুন সংবিধান ও বিচার সংস্কারের কথা বলছি৷ যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা বছরের পর বছর বিভাজন করে রেখেছে। তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এই রাষ্ট্রে সংস্কার ঢুকিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হবে।
কক্সবাজারের চকরিয়ায় তাদের বহরে হামলা ও কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা হয়েছে জানিয়ে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা বলেছিলাম একটি গণতান্ত্রিকভাবে সংহতি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব। আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি গণতান্ত্রিকভাবে প্রকাশ করবেন। কিন্তু আমরা আজ দেখেছি, অগণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান করার চেষ্টা হচ্ছে। আমরা এটার নিন্দা জানিয়ে রাখলাম।
এনসিপির বান্দরবান জেলা সমন্বয়ক কমিটির সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ।










