ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মানবিক ও সমাজবিজ্ঞান বিষয়ে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল শুরু হয়েছে। ভারত, মালয়েশিয়া ও ইংল্যান্ড থেকে আসা বরেণ্য শিক্ষাবিদ-গবেষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্যারালাল সেশনের মধ্য দিয়ে গবেষকরা তাদের প্রবন্ধ উপস্থাপন শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ড. ডেভিড ডেনিস, ভারতের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বরুণ কুমার চক্রবর্তী, মালয়শিয়া থেকে আগত অধ্যাপক ড. মো. ইউসুফ বিন হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফকরুল আলম, নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর।
স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ড. শেখ মেহেদী হাসান।










