বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজনের চোখের কর্নিয়া প্রতিস্থাপনের জন্য নেপাল থেকে কর্নিয়াল টিস্যু পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২০ সেপ্টেম্বর) কাঠমান্ডু থেকে বিজি৩৭২ ফ্লাইটের মাধ্যমে অতি সংবেদনশীল এ টিস্যু বিনামূল্যে ঢাকায় আনা হয়।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের প্রতিনিধিদের কাছে কর্নিয়া হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ডা. নওরোজ ফেরদৌস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিস) মো. রাশেদুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবসময় দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থেকেছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমে পাশে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।