উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১ জন নিহতের খবর দিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া, আহত ৬০ জনকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১ জন লাইফ সাপোর্টে আছেন।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের নেয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। সেখানে উদ্ধার কাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।