বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্টার্টআপ রিফাইন্যান্সিং স্কিমের আওতায় প্রথম স্টার্টআপ ঋণ বিতরণ করেছে ইউনাইটেড ফাইন্যান্স। এ স্কিমের অধীনে প্রথম চেকটি পেয়েছে অ্যাপনটেক।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ উদ্যোগ প্রারম্ভিক পর্যায়ের উদ্যোক্তাদের সহায়তা এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। ২০১৭ সালে প্রতিষ্ঠিত অ্যাপনটেক একটি সামাজিক ব্যবসাভিত্তিক ফিনটেক স্টার্টআপ, যা ‘ফিজিটাল’ প্ল্যাটফর্মের মাধ্যমে রিটেইল ও আর্থিক সেবা সহজলভ্য ও সাশ্রয়ী করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে কাজ করছে।
স্কিমের আওতায় যোগ্য স্টার্টআপগুলো ৪ শতাংশ বিশেষ সুদহারে অর্থায়ন সুবিধা পাবে, যা তাদের টেকসইভাবে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরীন। অ্যাপনটেকের পক্ষে চেক গ্রহণ করেন সহ-প্রতিষ্ঠাতা ও সিওও ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে নওশাদ মোস্তফা বলেন, স্টার্টআপ ও সিএমএসএমই ইকোসিস্টেম শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করছে। উচ্চ প্রভাবসম্পন্ন সমাধানভিত্তিক ব্যবসা গড়ে তুলতে স্টার্টআপগুলোর ভূমিকা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ।
ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান বলেন, প্রান্তিক উদ্যোক্তাদের ক্ষমতায়নে কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিএমএসএমই খাতকে সহায়তায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় থাকবে।
অ্যাপনটেকের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত প্রতিষ্ঠানটির যাত্রা তুলে ধরে বলেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশীদের জন্য সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।










