চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অস্থায়ী কর্মচারীরা। আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শরীফ মিয়া, শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলামসহ শতাধিক কর্মচারী। এ সময় কথা বলতে গিয়ে অনেক কর্মচারী কান্নায় ভেঙে পড়েন।

এ সময় শরিফুল ইসলাম বলেন, দিন ভিত্তিক চুক্তি হওয়ায় আমাদের বেতন হয় যে কয়দিন কাজ করি তার ওপর। কোনো দিন অনুপস্থিত থাকলে সেদিনের বেতন কেটে রাখা হয়। দিন প্রতি ৩৩০ টাকা মজুরিতে কাজ করে মাসিক দশ হাজার টাকাও বেতন হয় না। বর্তমান বাজারে এ টাকায় সংসার চালানো প্রায় অসম্ভব। তা মতো ১৭০ জন কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

মানববন্ধন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার উপস্থিত হন। তিনি কর্মচারীদের সঙ্গে কথা বলে কাজে ফেরত পাঠান। 

কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শরীফ মিয়া বলেন, অনেক আগে থেকেই আমরা ডেইলি বেসিসের কর্মচারীদের স্থায়ীকরণের দাবি জানাচ্ছি। ট্রেজারার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন ইউজিসির সাথে কথা বলে দ্রুত পদ সৃষ্টি করবেন।

এ বিষয়ে ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার বলেন, কর্মচারীদের নিয়োগ দেয়ার মতো পদ এখন খালি নেই। আমরা ইউজিসির সঙ্গে কথা বলে নতুন পদ সৃষ্টি করে এসব কর্মচারীকে নিয়োগের চেষ্টা করবো।